কক্সবাজার
সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকত। ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৩:৩৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ০৩:৩৭
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার বেলা সোয়া ২টার দিকে ওই এলাকা থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত সুগন্ধা সৈকত এলাকায় সাগরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নিহত পর্যটকের নাম ইব্রাহিম খান (২৩)। তিনি ঢাকার জেডকেপি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত বুধবার ইব্রাহিমের সঙ্গে মো. ইয়াসিন (২৫) নামের আরেক পর্যটক সাগরের পানিতে ডুবে যান। তবে ওই দিনই ইয়াসিনের মরদেহ উদ্ধার করেন লাইফগার্ডের সদস্যরা। ইয়াসিন ও ইব্রাহিম দুজন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা জানান, ইব্রাহিম, ইয়াসিনসহ পাঁচজন সুগন্ধা সৈকতে গোসলে নেমেছিলেন। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায় ইব্রাহিম খান ও ইয়াসিন ভেসে যান। পরে সি-সেফ লাইফগার্ডের সদস্যরা তল্মরদেহি চালিয়ে মো. ইয়াসিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন, নিখোঁজের পর থেকে ইব্রাহিমের সন্ধান করা হচ্ছিল। শুক্রবার সকাল ৬টার দিকে জোয়ারের পানিতে ইব্রাহিমের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে মহেশখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- কক্সবাজার
- মরদেহ উদ্ধার