কিশোরগঞ্জ
ফুটবল খেলায় দর্শকদের বসার জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৪:২৩
কিশোরগঞ্জে একটি ফুটবল খেলায় দর্শকদের বসার জায়গা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। শুক্রবার বিকেলে নিকলী উপজেলার গুরই খেলার মাঠে এ ঘটনা ঘটে।
গুরই এলাকার বাসিন্দা ও নিকলী উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মামুন জানিয়েছেন, গুরই নবজাগরণ উন্নয়ন সংঘের উদ্যোগে নিকলী ও বাজিতপুর উপজেলার ১৬টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সাত বছর ধরেই হচ্ছে এই টুর্নামেন্ট। মামুন এই সংগঠনের একজন পৃষ্ঠপোষক।
শুক্রবার বিকেলে বাজিতপুরের হিলচিয়া ও সরারচর ইউনিয়ন দলের মধ্যে ফাইনাল খেলা ছিল। এতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। উভয় পক্ষ একটি করে গোলও করেছিল। খেলার মাঝখানে মাঠে দর্শকদের বসা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলে স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যান। এ সময় হট্টগোল দেখা দেয়। এরপরই শুরু হয় চেয়ার ছোড়াছুড়িসহ এলোপাতাড়ি মারামারি। এ সময় সংঘর্ষ ও ছোটাছুটি করতে গিয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তবে কোনো অস্ত্রের ব্যবহার ছিল না, যে কারণে কেউ মারাত্মক আহত হননি।
মামুন জানান, প্রতিটি খেলায় কয়েকজন পুলিশ দর্শক হিসেবে থাকেন। গতকালও ছিলেন। তবে তাদের কিছু করার ছিল না। রোববার সব পক্ষকে নিয়ে সভা করে ফাইনাল খেলাটি আবার অনুষ্ঠানের চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন।
নিকলী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামকে মারামারির ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা কোনো সংবাদ পাইনি। তবে ডাকলে আমরা যাব।