কক্সবাজারে বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধের দাবি
রাজধানীতে বাপার মানববন্ধন
আইন লঙ্ঘন ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের সামনে - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৮:৫৪
| প্রিন্ট সংস্করণ
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে রাস্তা নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটির অভিযোগ, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ওই রাস্তা করা হচ্ছে। অবিলম্বে এই কাজ বন্ধের পাশাপাশি পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাপা।
গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বাপার সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য ও নগরবিদ স্থপতি ইকবাল হাবিব, সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কক্সবাজার জেলা শাখার সভাপতি এম জাফর আলম দিদার, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান খান।
মানববন্ধনে জাকির হোসেন বলেন, কক্সবাজারের সমুদ্রসৈকত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়। এটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। অপরিকল্পিত উন্নয়ন, অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও বালিয়াড়ি ধ্বংসের কারণে সৈকতের পরিবেশ এমনিতেই হুমকির মুখে পড়েছে। উন্নয়নের নামে বালিয়াড়িতে রাস্তা নির্মাণ করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।
স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রকৃতির ক্ষতি করে উন্নয়ন করলে তার পরিণতি কী হতে পারে, সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তা দেখা গেছে। বালুর ওপর রাস্তা নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। তাঁর দাবি, এ ধরনের প্রকল্পের পেছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে।
এম জাফর আলম দিদার বলেন, বালিয়াড়ি শুধু সমুদ্রসৈকতের সৌন্দর্যের অংশ নয়, এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও শক্তিশালী ঢেউ থেকে উপকূলকে রক্ষায় প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। একই সঙ্গে কাঁকড়া, কচ্ছপসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল বালিয়াড়ি। এটি কেটে রাস্তা নির্মাণ করা হলে উপকূলীয় ভাঙন ও জীববৈচিত্র্য ধ্বংসের ঝুঁকি বাড়বে।
মিহির বিশ্বাস বলেন, বালিয়াড়ি সামুদ্রিক কাঁকড়া ও কচ্ছপের প্রজননক্ষেত্র। এসব এলাকায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নিতে হবে।
বালিয়াড়িতে রাস্তা নির্মাণ শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির। তিনি দ্রুত প্রকল্পটি বন্ধের দাবি জানান।
মানববন্ধন থেকে সাত দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে চলমান রাস্তা নির্মাণ বন্ধ, হাইকোর্টের ২০১১ সালের ২২৬ নম্বর মামলার রায় ও নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ এবং বালিয়াড়িতে কোনো প্রকল্প নেওয়ার আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও বিশেষজ্ঞ মতামত বাধ্যতামূলক করা।
এ ছাড়া বালিয়াড়ি ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং কক্সবাজারে অবৈধভাবে টিলা-পাহাড় কাটা বন্ধের দাবিও জানানো হয়।
- বিষয় :
- দাবি