ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে চার খুন

আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের
×

আসামিদের পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবীরা। ছবি: সমকাল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৪:৫৩

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

শনিবার সকাল সাড়ে ১০টায় আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা। আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে আসামিদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনজীবী সমিতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। তাদের আইনগত সব ধরনের সহায়তা দেওয়া হবে।

আফতাব উদ্দিন বলেন, গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যর মরদেহ উদ্ধারের পর পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত গহনাও উদ্ধার করা হয়েছে। আটক দুইজন ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশি তৎপরতা ও সাংবাদিকদের সহযোগিতায় এখন পর্যন্ত তদন্ত ও কার্যক্রম সঠিক পথেই রয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডটি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও গল্প প্রচার করছেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ, এই হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না এবং কোনো ধরনের গুজব ছড়াবেন না।

এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×