টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত, মৃত্যু
আব্দুর রহিম ভূইয়া
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৬:৩৯
টাঙ্গাইলের নাগরপুরে টাকা দিতে দেরি হওয়ায় ছেলের শীলপাথরের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ভূইয়া (৫৫) পেশায় ভ্যানচালক। এ ঘটনায় তাঁর ছেলে মোস্তফা ভূইয়া (২০) পলাতক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নিজ ঘরে ভাত খেতে বসেছিলেন আব্দুর রহিম। এ সময় তাঁর কাছে টাকা চান ছেলে মোস্তফা। টাকা দিতে দেরি হওয়ায় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন তিনি। এতে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুর রহিম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মোস্তফা মাদকাসক্ত। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে যান।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমার দাবি, মোস্তফা মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন।
ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, মোস্তফা মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, হত্যার পর মোস্তফা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাই মোস্তফাকে আসামি করে থানায় মামলা করেছেন।