ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আ’লীগ নেতার দুই পা গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আ’লীগ নেতার দুই পা গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
×

ফাইল ছবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২১:০৬

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শাহ আলম হাওলাদার (৬০) নামের ওই ব্যক্তি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দুই পা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

আহত শাহ আলম হাওলাদার বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সম্প্রতি ৮৩ শতাংশ জমি বিক্রি করেন। সেই জমির বায়না হিসেবে ক্রেতার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমান, দীন ইসলাম ও তহিদ নামের তিন ব্যক্তি লাঠি নিয়ে পেছন থেকে হামলা চালায়। এতে তাঁর দুই পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান।

এলাকাবাসী শাহ আলমকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল রেফার করেন। শাহ আলমের অভিযোগ, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশে তাঁর ওপর হামলা হয়েছে।

শাহ আলমের ছেলে আবু তালেব বলেন, তাঁর বাবার দুই পায়ের তিনটি জায়গা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। পায়ের গোড়ালিতে ১৮টি সেলাই লেগেছে। তাঁর ভাষ্য, ‘আমার বাবা একজন নিরীহ মানুষ, কিন্তু তাঁর ওপর নিষ্ঠুরভাবে নির্যাতন চালানো হয়েছে।’

ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে কলাপাড়ায় ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না।’ তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন।

কলাপাড়া হাসপাতালের আরএমও ডা. পলি সাহা বলেন, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। তবে পায়ের গোড়ালির অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, তারা বিষয়টি শুনেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

×