থানার সামনে জয় বাংলা স্লোগান, দুই স্থানে গ্রেপ্তার ১৫
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২২:২১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ২২:৩৫
গাজীপুরে কৃষক লীগ নেতা আব্দুল মতিনকে আদালতে পাঠানোর সময় তাঁর স্বজন ও সমর্থকরা থানা চত্বর ও ফটকের বাইরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। আজ রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানায় এই ঘটনা ঘটে। যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। রোববার স্লোগান দেওয়ার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, টঙ্গীর মরকুন এলাকার মাহদী হাসান, হারুনর রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার।
পুলিশ জানায়, রোববার দুপুরে থানার ভেতরে আসামিকে প্রিজনভ্যানে তোলার সময় তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এরপর পুলিশ পাঁচজনকে আটক করে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার, দুজন পলাতক ও ১০-১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– আবরার আহম্মেদ, ইয়াসিন, রাব্বি, শিমুল, ফেরদৌস, পলক, আবু বকর, তানভীর, লিমন ও নয়ন। তাদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং অপর ৯ জন ফতুল্লা থানার বিসিক এলাকার বাসিন্দা। তারা আজমেরী ওসমানের অনুসারী বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি মাহাবুবুল আলম।
- বিষয় :
- গাজীপুর
- আওয়ামী লীগ
- গ্রেপ্তার