ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে আওয়ামী লীগের মিছিল, সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

যশোরে আওয়ামী লীগের মিছিল, সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা
×

যশোর অফিস

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২৩:৩২

যশোরে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন– সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী।

এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার সকালে যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় পালোয়ান বাড়িগামী রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ মিছিলের আয়োজন করা হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে।

আরও পড়ুন

×