বাঁশবোঝাই ট্রাক জব্দ করেছে বন বিভাগ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:১৫
হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে পাচারের সময় বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। সোমবার রাত ১টার দিকে উপজেলার নোয়াহাটি বাজারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক গাড়ীতে ছিলেন না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াহাটি বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকে বিপুল পরিমাণ মূলী বাঁশ দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঁশবোঝাই ট্রাকটি জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নিয়ে হেফাজতে রাখা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাধবপুরসহ হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র গাছ, বাঁশসহ বিভিন্ন বনজসম্পদ অবৈধভাবে কেটে পাচার করছে। দিনের পাশাপাশি রাতের আঁধারেও বিভিন্ন আঞ্চলিক সড়ক ব্যবহার করে এসব বনজসম্পদ পাচার করা হয়। এতে বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে।
বনজসম্পদ পরিবহন নিয়ন্ত্রণে শায়েস্তাগঞ্জ ও জগদীশপুর তেমুনিয়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বন বিভাগের চেক স্টেশন রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এসব চেক স্টেশন ও বিটে পর্যাপ্ত জনবল ও যানবাহনের সংকট রয়েছে। ফলে বনজসম্পদ বহনকারী সব যানবাহন নিয়মিত তল্লাশি ও কাগজপত্র যাচাই করা সম্ভব হয় না। ফলে সংরক্ষিত বনাঞ্চলের সম্পদ রক্ষায় বন বিভাগের নজরদারি আরও জোরদার করতে হবে।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সংরক্ষিত বনাঞ্চলের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা বাঁশ ও মিনি ট্রাকের বিষয়ে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বনজসম্পদ পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- ট্রাক জব্দ
- হবিগঞ্জ