ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
×

কামরুল জামান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৭:২৯

সৌদি আরবের তায়েফ শহরে মোবাইলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় কামরুল জামান (৩৭) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু নাসের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কামরুল জামানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুব ইউনিয়নের কুতুবপুর গ্রামে। 

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামরুল তায়েফ শহরের একটি শপিং কমপ্লেক্সে কাজ করতেন। রোববার ভোরে নাইট ডিউটি শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। পরে হামলাকারীও মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোবাইল ফোনের অপর প্রান্তে থাকা স্ত্রী হালিমা বেগম গুলির শব্দ শুনতে পান। স্বজনেরা জানান, গুলির সময় কামরুলের চিৎকারও শুনতে পেয়েছিলেন তার স্ত্রী।

কামরুলের স্বজন মো. সোলেমান বলেন, ‘কামরুল নাইট ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় হঠাৎ ওই সৌদি তরুণ তাকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।’

ইউপি সদস্য আবু নাসের চৌধুরী বলেন, কামরুলের বাবা কৃষক। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য প্রায় আড়াই বছর আগে তিনি সৌদি আরবে যান। রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

কামরুলের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে কী কারণে ওই সৌদি তরুণ কামরুল জামানকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

×