ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২০:০৯

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রয়েছেন সদ্য ঘোষিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারী শাকিল ও প্রতাপ এবং কমিটির সিনিয়র সহসভাপতি ওমর ফারুকের অনুসারী তালহা জোবায়ের ও রায়হান। এ ছাড়া সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানও আহত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ওমর ফারুককে। সহসভাপতি হিসেবে রয়েছেন জাকির হোসেন নাইম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান ইকবাল সাদকে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রোববার রাতেই তারা কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০১৪ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর দীর্ঘ ১২ বছর সংগঠনটির নতুন কোনো কমিটি হয়নি। এ সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দীর্ঘদিন পর কমিটি ঘোষণা হলেও তাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি ওমর ফারুক বলেন, প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। এ সময় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, হামলায় তাদের পক্ষের তিনজন আহত হয়েছেন। হামলায় বহিরাগতরাও জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিক বলেন, তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। আজান চলায় মিছিল বন্ধ করতে বললে তারা বিষয়টি ভুল বুঝে তাদের ওপর হামলা করেন। এতে তাঁর দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভুঁইয়া বলেন, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। খবর পেয়ে পুলিশও এসেছিল। আমরা দুই পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আর কোনো সমস্যা হয়নি। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

আরও পড়ুন

×