ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
×

ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১০

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে গাইবান্ধা শহরের ভিএইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব।

তিনি জানান, সোমবার রাত ৮টার দিকে গাইবান্ধা শহরের ভিএইচ রোড এলাকা থেকে রনজিত বকশি সূর্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রনজিত বকশি সূর্য গাইবান্ধা পৌর শহরের মাস্টারপাড়ার মৃত রবীন্দ্র বকশির ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ২০২৪ সালের ১৭ জুলাই বিকেল ৪টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে বিএনপির কার্যালয়ের দক্ষিণ কোণে অবস্থিত জেলা যুবদল কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। একপর্যায়ে আসামিরা সঙ্গে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৯৮ নেতা-কর্মীকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×