লেকের ওয়াকওয়ে ঢালাইয়ের সময় ধস, সাত দিন কাজ বন্ধ
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের ওয়াকওয়ের দেবে যাওয়া অংশ সমকাল
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনে নির্মাণাধীন ওয়াকওয়ের ঢালাই কাজের সময় দক্ষিণ পাশের একটি অংশ দেবে গেছে। ঘটনার পর নির্মাণকাজ সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালে প্রকল্পের বরিশাল বিভাগীয় কনসালট্যান্ট প্রকৌশলী আবুল কালাম আজাদ স্থানটি পরিদর্শন করেছেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে কভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় ১২ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দে ওয়াকওয়েটির নির্মাণকাজ শুরু হয়। ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইসলাম ব্রাদার্স’ দরপত্রের মাধ্যমে কাজটি পেলেও পরে হাতবদল হয়। ২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মাঝপথে বছরখানেক মূল গোলচত্বরের কাজ ফেলে রাখা হয়। গত রোববার সকালে লেকের পানির ওপর নির্মিত মূল গোলচত্বরের ঢালাই চলাকালে দক্ষিণ পাশের ১০-১৫ স্কয়ার ফিটের একটি অংশ আকস্মিক ধসে পড়ে।
এদিকে, ধসে পড়ার সংবাদ সংগ্রহ করতে গেলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক মনিরুল ইসলাম জানান, প্রকৌশলী মশিউর রহমান তাঁর ওপর চড়াও হন এবং ভিডিও ধারণের সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান। তাঁর দাবি, পরিচয় না দিয়ে ভিডিও করায় নিষেধ করেছিলেন। ঢালাই ধসে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এক বছর আগে সেন্টারিং করার কারণে কাঠ পচে গিয়ে এই সমস্যা হতে পারে। ঠিকাদারের প্রতিনিধি মো. পাননু মোল্লাও কাঠের সেন্টারিং সরে যাওয়াকে দায়ী করে দ্রুত তা মেরামতের আশ্বাস দেন।
- বিষয় :
- ঢালাই স্পেশাল সিমেন্ট