কমিটি ঘোষণার পরদিন সংঘর্ষে জড়াল ছাত্রদল
কমিটি নিয়ে বিরোধের জেরে সোমবার সংঘর্ষে জড়ায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের দুই পক্ষ সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরদিনই পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘ এক যুগ পর গত রোববার রাতে কমিটি ঘোষণা করা হয়। পরদিন গতকাল সোমবার সংঘর্ষের ঘটনায় পাঁচজন নেতাকর্মী আহত হন। কলেজের ডিগ্রি শাখা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আছেন সদ্য ঘোষিত কমিটির সভাপতি উমর ফারুক মানিকের অনুসারী শাকিল ও প্রতাপ এবং কমিটির সিনিয়র সহসভাপতি ওমর ফারুকের অনুসারী তালহা জোবায়ের ও রায়হান। এ ছাড়া নতুন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানও আহত হয়েছেন।
ছাত্রদলের নেতারা বলেন, গত রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সিনিয়র সহসভাপতি করা হয়েছে ওমর ফারুককে। সহসভাপতি হিসেবে রয়েছেন জাকির হোসেন নাইম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান ইকবাল সাদকে। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। মূলত নতুন কমিটিতে স্থান না পাওয়া এবং কাঙ্ক্ষিত পদ না মেলায় একাংশের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। গত রোববার রাতেই তারা কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০১৪ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি করা হয়েছিল। এরপর দীর্ঘ ১২ বছর সংগঠনটির নতুন কোনো কমিটি হয়নি। এ সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দীর্ঘদিন পর কমিটি ঘোষণা হলেও তাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
নতুন ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি ওমর ফারুক বলেন, প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। এ সময় পরিকল্পিতভাবে তারা হামলা চালিয়েছে। আমরা এসে দেখি আমাদের ছোট ভাইদের ওপর হামলা করা হচ্ছে। এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা হয়। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। হামলার সঙ্গে বহিরাগতরাও জড়িত।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের গ্রুপের পদবঞ্চিত নেতা মাইন উদ্দিন বলেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। আজ কমিটি গঠন করা হয়েছে, কিন্তু আমাদের নাম নেই। দ্রুত এটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।
নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিক বলেন, আমরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এ সময় কয়েকজন ছাত্র বিক্ষোভ মিছিল করে। আমার সঙ্গে থাকা কয়েকজন তাদের বলেন, আজান হচ্ছে, মিছিল বন্ধ কর। তখন তারা ভুল বুঝে আমাদের ওপর হামলা করে। এ সময় আমার দুজন কর্মী আহত হয়েছেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া বলেন, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে একটু সমস্যা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসেছিল। আমরা ছাত্রদের দুটি পক্ষকে শান্ত থাকতে নির্দেশ দিয়েছি।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আর সমস্যা হয়নি। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
- বিষয় :
- সংঘর্ষ