আশুগঞ্জ সার কারখানার জমি রক্ষায় মানববন্ধন
ছবি-সংগৃহীত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৯
| প্রিন্ট সংস্করণ
‘কারখানার আধুনিকায়ন বা নতুন কারখানা স্থাপন করা হোক’, ‘সার কারখানা বাঁচাও, সার শিল্পে স্বনির্ভরতা বাড়াও’ এবং ‘জমি থাকুক রাষ্ট্রায়ত্ত সার শিল্পের তরে, সার পৌঁছাক কৃষকের ঘরে ঘরে’– এসব দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন আশুগঞ্জ সার কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।
গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, সার কারখানার ১৯৭ একর অব্যবহৃত জমি একটি দেশীয় বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই জমি কোনো বেসরকারি খাতকে দেওয়া যাবে না; সেখানে দ্বিতীয় সার কারখানা অথবা অন্য কোনো সরকারি শিল্প স্থাপন করতে হবে। কারখানাটির আধুনিকায়ন ও নতুন ইউনিট চালুর জোর দাবি জানান তারা। দাবি আদায় না হলে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, আশুগঞ্জ সার কারখানা একসময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। বিসিআইসি কর্তৃপক্ষ এ কারখানার লাভের টাকা অন্যান্য প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেছে। কিন্তু ২০১৩ সাল থেকে ‘গ্যাস রেশনিং’-এর নামে বছরে ৬ থেকে ৯ মাস কারখানার উৎপাদন বন্ধ রাখে তৎকালীন সরকার। এতে যন্ত্রপাতি নষ্ট হয়েছে। অন্যদিকে কোটি কোটি ডলার খরচ করে বিদেশ থেকে সার আমদানি করা হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় দৈনিক সাড়ে চার কোটি টাকার বেশি মূল্যের প্রায় সাড়ে ১১ টন ইউরিয়া উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ।
কারখানার সিবিএর সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আবু কাউছার, কারখানার ডিজিএম (প্রশাসন) মো. তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
- বিষয় :
- মানববন্ধন