সুনামগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
৪ দিন ধরে স্বজনদের সঙ্গে যোগাযোগ ছিল না
প্রতীকী ছবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩২ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০৪
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ইনাতনগর এলাকা থেকে আছিয়া বেগম নামের ওই ষাটোর্ধ্ব বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। ওই বৃদ্ধা ইনাতনগর এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানিয়েছেন, ৪ দিন ধরে তাদের কারো সঙ্গে আছিয়া বেগমের যোগাযোগ হয়নি।
আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে ওই বৃদ্ধা আছিয়া বেগম বাড়িতে একা থাকতেন। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য জেলা শহর সুনামগঞ্জে যান তিনি। এরপর থেকে ওই বৃদ্ধার সঙ্গে স্বজনদের কারও যোগাযোগ হয়নি। সোমবার রাতে স্থানীয়রা ওই তালাবদ্ধ ঘরটির পাশ দিয়ে যাতায়াতের সময় পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর কম্বল গায়ে অর্ধগলিত অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
বৃদ্ধা আছিয়া বেগমের মেয়ে কল্পনা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। একাধিকবার মোবাইলে ফোন করেও তাকে পাইনি। তিনি বাড়িতে একাই থাকতেন।
কল্পনার স্বামী দিলশাদ মিয়া বলেন, আমার শাশুড়ির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে তার কাছে চিকিৎসার জন্য নগদ ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিল। আমাদের ধারণা, ওই টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে এবং ঘরটি বাইরে থেকে তালা দেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ওই নারীর দেহের বেশ কিছু অংশ পচে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- মরদেহ উদ্ধার