ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছিলেন মোটরসাইকেল, মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছিলেন মোটরসাইকেল, মুখোমুখি সংঘর্ষে নিহত ২
×

নিহত দুজন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের তরককামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৭) ও কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (২৮)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তরককামাল এলাকায় দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলই দ্রুতগতিতে চলছিল। এর মধ্যে একটি মোটরসাইকেলের চালক হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর নিহত দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×