অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪১
টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ২৭ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল হোতা হিসেবে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর ইমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকার দক্ষিণখান থানা পুলিশ রাজধানীর কসাইবাড়ি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং ইমন মিয়াকে গ্রেপ্তার করে। ইমন বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
মামলার অপর আসামি ইমনের বাবা ইদ্রিস আলী, মা নাজমা বেগম ও বড় বোন ছাবিনা আক্তার পলাতক রয়েছেন।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ইমন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। এর মধ্যে গত ৪ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে বাসাইল সাহাপাড়া ব্রিজের কাছে ইমন তার বাবা, মা ও বোনের সহযোগিতায় ওই ছাত্রীকে একটি অজ্ঞাত গাড়িতে তুলে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই বিষয়টি বাসাইল থানা পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ ছাত্রীকে উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে ১০ আগস্ট ইমনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ ও র্যাব তাকে উদ্ধারে কাজ শুরু করে। একপর্যায়ে ঢাকার দক্ষিণখান থানা পুলিশের অভিযানে কসাইবাড়ি এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই অভিযানে ইমনকে গ্রেপ্তার করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাসাইল থানা পুলিশের সহযোগিতায় ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ছাত্রীর শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে তাকে বাবার জিম্মায় দেওয়া হয়।