সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের একটি অংশ উদ্ধার হয়নি
ছবি- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০০:০১
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অপরাধ সংঘটিত হলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সতর্কতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব নির্দেশ দেন।
সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ রয়েছে। লুট হওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র এবং নির্ধারিত সময়ে জমা না দেওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সিলেটের পাথর কোয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বালু, পাথর ও অন্যান্য খনিজসম্পদ আহরণসংক্রান্ত সমস্যা সমাধানে পরিবেশ, স্থানীয় জনগণের কর্মসংস্থান, আদালতের রায় এবং দেশের প্রয়োজন–সবকিছু বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে গঠিত জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তা তদারকি করতে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, পরিবেশবিষয়ক দপ্তরসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বালু-পাথর ব্যবসার সঙ্গে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান জড়িত। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষাও জরুরি।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে মাদকের শীর্ষ ৫০ ব্যবসায়ীর তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ অভিযান পরিচালনা করা গেলে এক থেকে দেড় মাসের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
সভায় সংসদ সদস্য এম এ মালিক, মুফতি আবুল হাসান ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
- সিলেট