নদীপথ ও ইটভাটায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের তিন থানার সীমানা এলাকায় চাঁদাবাজি, হুমকি ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় পাঁচ পঞ্চায়েতের ভুক্তভোগীরা। তারা এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া নদীপথে বাল্কহেড ও ট্রলার থেকেও চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগরের আনন্দবাজার এলাকায় আকবরনগর সমাজ, বেপারি বাড়ি নুরে মদিনা জামে মসজিদ পাঞ্চায়েত, মন্ডলবাড়ি পঞ্চায়েত, বেপারি পাড়া পঞ্চায়েত ও প্রতাপনগর পঞ্চায়েতের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুক্তার হোসেন অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সদর থানা, ফতুল্লা থানা ও সিরাজদীখান থানার সীমানা এলাকার চরাঞ্চলে ৪০ থেকে ৫০টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটা মালিকের কাছ থেকে একটি প্রভাবশালী চক্র দুই বছর ধরে চাঁদা আদায় করছে। চলতি বছর কয়েকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এই প্রভাবশালীরা তাদের ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় এবং মাটি পরিবহনে বাধা দেয়। প্রতিদিন নদীপথে চলাচলকারী বাল্কহেড ও ট্রলার থেকেও একই চক্র দুই থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছে। স্থানীয় এক ইটভাটা মালিকের কাছে আগের পাওনা দাবি করে ৭০ থেকে ৮০ লাখ টাকা চাওয়া হয়েছিল। স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মীমাংসা হওয়ার পর চলতি বছর আবারও এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। টাকা না দিলে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগী বক্তাবলী ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী অভিযোগ করেন, গত বছর তাঁর কাছেও চাঁদা দাবি করা হলে তিনি তা লুকিয়ে পরিশোধ করেন। তবে চলতি বছর পুনরায় চাঁদা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এরপর তাঁর ইট বিক্রি ও মাটি পরিবহন বন্ধ করে দেওয়া হয়। পরে চাঁদাবাজদের একটি মিথ্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হন।
বক্তারা বলেন, চাঁদাবাজি ও হুমকির কারণে স্থানীয় ব্যবসায়ী ও ইটভাটা মালিকরা আতঙ্কে রয়েছেন। তাই অবৈধভাবে অর্থ আদায় বন্ধ, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং মানুষের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা।
এ বিষয়ে ফতুল্লা থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন বলেন, কেউ চাঁদাবাজির অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।
- বিষয় :
- মানববন্ধন