ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ হেফাজতে থাকা নারী উদ্যোক্তাকে মারধর

৩ জনকে গ্রেপ্তারের পর জামিন

৩ জনকে গ্রেপ্তারের পর জামিন
×

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীতে পুলিশ হেফাজতে থাকা এক নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন–আব্দুল্লাহ আল সিয়াম খান, মো. রুবেল হোসেন ও মো. হেলাল উদ্দিন। তাদের মধ্যে সিয়াম খান ও রুবেল হোসেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপর আসামি হেলাল উদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

এজাহারে বলা হয়, জাকিয়া সুলতানা নামে ওই নারী রাজবাড়ী কাদেরিয়া সুপারমার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাকশিল্প গার্মেন্টেস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালপত্রের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত শনিবার বেলা ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বাজারে অবস্থান নেন এবং নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিচার দাবি করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন নারী পুলিশ সদস্য জাকিয়া সুলতানাকে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন যুবক তাঁকে লাথি ও ঘুষি মারেন। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে গ্রেপ্তার তিনজনকে গতকাল মঙ্গলবার জামিন দিয়েছেন রাজবাড়ীর আদালত। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী নেকবার হোসেন মনি জানান, বিকেলে আসামিদের রাজবাড়ীর আদালতে হাজির করে জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। 
 

আরও পড়ুন

×