ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির আমাদের শেখাতে হবে না কীভাবে কর্মসূচি করব: সারজিস আলম

বিএনপির আমাদের শেখাতে হবে না কীভাবে কর্মসূচি করব: সারজিস আলম
×

পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম। ছবি: সমকাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদের শেখাতে হবে না যে আমরা কীভাবে কর্মসূচি করব। বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম। শহরের রাজারহাট এলাকার একটি রেস্তোরাঁয় এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, ‘তারা বলছে এটা লং মার্চ না, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও লং মার্চ।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের শিখাতে হবে না, বিরোধী দল কী কর্মসূচি করবে। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লং মার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাকও সরাতে পারেননি। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে সেই লং মার্চ দিতে ব্যর্থ হয়েছিলেন।’

সারজিস আলম আরও বলেন, ‘সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব।’ তিনি বলেন, ‘যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনো ভালো হবে না।’

বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির একজন নেতা যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, তখন দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল। কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এমন ভাষায় সমালোচনা করেছিলেন, যা দলটির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ভাষা ঠিক না হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সারজিস আলমের অভিযোগ, বিএনপি ক্ষমতার অপব্যবহার করে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাকে জেলে নিয়েছে এবং রিমান্ডে নিয়েছে। সর্বশেষ তাকে জামিনও দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘তাহলে তারেক রহমান যে বাক্‌স্বাধীনতার কথা বলেন, এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক, আর মনের ভেতরের কথা আরেক?’

সারজিস আলম আরও বলেন, ‘তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন, আমরা স্বাধীনতা দিচ্ছি। ভেতরে ভেতরে কেউ একটা কথা বললে, সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন, মিথ্যা মামলা দেবেন-এটা তো হতে পারে না।’

সিফাত নামের ওই তরুণের দেওয়া গালিকে এনসিপি সমর্থন করে না উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে, এটা তো মিথ্যা মামলা, সন্ত্রাসবিরোধী মামলা, এক বছর আগের মামলা।’

এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব মাঈনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার প্রমুখ।

আরও পড়ুন

×