ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৯

সাভারের হেমায়েতপুরে র‍্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। মারধরের পর টাকার ব্যাগ নিয়ে একটি প্রাইভেটকারে করে পালিয়ে যায় চার ব্যক্তি।

এ ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা প্রাইভেটকারের চালকসহ চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন ব্যবসায়ী মো. রেজাউল করিম। পুলিশ বলছে, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল করিম হেমায়েতপুরের পূর্বহাটি উত্তরপাড়ায় ‘আর.কে এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ১০ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে ২৬ লাখ টাকা উত্তোলনের জন্য তিনি তার কর্মচারী মো. ইসরাফিল হককে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকে পাঠান।

ব্যাংক থেকে টাকা তুলে নেভি-ব্লু রঙের একটি ব্যাগে করে ইসরাফিল সকাল ১১টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তার কাছে এসে থামে। গাড়ি থেকে চার ব্যক্তি নেমে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাকে ঘিরে ধরেন এবং টাকার ব্যাগটি নিতে চান।

এজাহারে বলা হয়, ইসরাফিল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ওই চার ব্যক্তি তাকে লোহার রড দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার বাঁ হাতে গুরুতর আঘাত লাগে এবং তিনি রাস্তায় পড়ে যান। পরে তারা ব্যাগে থাকা ২৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে করে সাভারের দিকে চলে যান।

অভিযোগে বলা হয়েছে, চারজনের প্রত্যেকের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ থেকে ৯ ইঞ্চি এবং বয়স ৩০ থেকে ৩৫ বছর। তারা সবাই র‍্যাবের পোশাক পরা ছিলেন।

ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে তার কর্মচারীকে র‍্যাব পরিচয়ে চারজন ঘিরে ধরেন। টাকা দিতে না চাইলে তাকে মারধর করে ব্যাগসহ ২৬ লাখ টাকা নিয়ে যান তারা। টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন

×