ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে নিখোঁজ, জয়পুরহাটে আখখেত থেকে মরদেহ উদ্ধার

দিনাজপুরে নিখোঁজ, জয়পুরহাটে আখখেত থেকে মরদেহ উদ্ধার
×

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩১

রাতে দিনাজপুরের বিরামপুর শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে আখখেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নিখোঁজ হওয়ার পর আজ শনিবার সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের মাঠে একটি আখখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা। 

পুলিশের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে আখখেতে ফেলে রেখে পালিয়ে গেছে। পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে রেখে তমেজুল মোটরসাইকেল নিয়ে রাত ৯টার দিকে নিজ বাড়ি আটুল গ্রামের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনেরা তার কোনো খোঁজও পাচ্ছিলেন না। এ অবস্থায় আজ শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখখেতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে শুনে স্বজনেরা সেখানে যান এবং মরদেহটি তমেজুলের বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা করার প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন

×