যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
ছবি: সংগৃহীত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩১
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১২ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়িয়ে হাইকোর্ট থেকে জামিন নেওয়ার প্রস্তুতি হিসেবে ১০ আসামি ঢাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক মো. জসিম উদ্দিন ওরফে মিষ্টি জসিম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন মানিক, পুরানগড় ইউনিয়ন যুবদলের সংগঠক মোহাম্মদ রিদোয়ান ইসলাম ও টিপু ওরফে মিষ্টি টিপু, আবু মাজহারুল ইসলাম ইফাজ, আব্দুল্লাহ আল তুষার, খোরশেদ আলম ওরফে ফারুক, মো. রবিউল হোসেন রবি, আবুল কাশেম ওরফে লইট্ট্যা কাশেম, হাবিবুর ইসলাম ওরফে হাবিব, মো. আজাদ ও মো. হেলাল। তাঁদের মধ্যে জসিম উদ্দিন এ মামলার প্রধান আসামি।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ৩ সেপ্টেম্বর রাতে নিহত জাহেদুলের মা মনোয়ারা বেগম সাতকানিয়া থানায় মামলা করেন। মামলায় জসিম উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়। গ্রেপ্তার ১২ জনের মধ্যে মো. সাজ্জাদ ছাড়া এজাহারভুক্ত সব আসামিই এখন পুলিশের হাতে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে মো. আজাদকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ, জবানবন্দি এবং তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনায় জড়িত অবশিষ্ট আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে পুলিশ জানিয়েছে, নিহত জাহেদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে অন্তত আটটি মামলা রয়েছে।