ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু
×

ছবি: সংগৃহীত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনিরা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় গত তিন দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হলো।

মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে। বাদে জোহর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। এ সময় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

মনিরার বাবা নুরুন্নবী জানান, রোববার রাত থেকে মেয়ে তীব্র জ্বরে আক্রান্ত হয়। মঙ্গলবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। সেদিনই চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাফসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা।

উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিনে ২৬ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, মনিরাসহ গত তিন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন

×