কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, গুদামে ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা
ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩৫
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় সারের দাবিতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। সাড়ে ৪ ঘণ্টা পর অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
শুক্রবার সকাল ৮টায় উপজেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
বাজারে ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে সকাল ৮টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮টার আগেই শেষ করে দেন। ৮টার সময় আসা কৃষকেরা সার না পেয়ে কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করেন এবং মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদামে পুলিশ পাহারায় রাখা হয়। পরে ৪ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এসে পুলিশি নিরাপত্তায় তাকে গুদাম থেকে উদ্ধার করে নিয়ে যান।
উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে সাতটায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। বিতরণ শেষে কয়েকশ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেন। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। এসময় কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।