ঢাকা থেকে চট্টগ্রাম ছাড়িয়ে কক্সবাজার যাবে ‘মহানগর এক্সপ্রেস’
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৫
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে আরও একটি আন্তনগর ট্রেন। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম ছাড়িয়ে কক্সবাজার পর্যন্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নতুন রুটে ট্রেনটির চলাচল শুরু হতে পারে।
পর্যটকসহ সাধারণ যাত্রীদের জন্য নতুন এই ট্রেন চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দুই জোড়া বিরতিহীন আন্তনগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে।
নতুন ট্রেনটি চালু হলে ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে তিন জোড়া বা ছয়টি। চট্টগ্রাম থেকে চলাচলকারী দুই জোড়া ট্রেন যুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে মোট পাঁচ জোড়া আন্তনগর ট্রেন চলাচল করবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুর রহমান ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মহানগর এক্সপ্রেস’ কক্সবাজার পর্যন্ত চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অক্টোবরের প্রথম দিকে এই ট্রেন চলাচল শুরু করতে পারে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ‘মহানগর এক্সপ্রেস’ দিনে একবার ঢাকা থেকে কক্সবাজার যাবে এবং একবার কক্সবাজার থেকে ঢাকায় ফিরবে। কক্সবাজার পর্যন্ত ট্রেনটি চালু হলে এর সময়সূচিতেও পরিবর্তন আসবে।
৭২১ ও ৭২২ নম্বর ‘মহানগর এক্সপ্রেস’-এর নতুন সময়সূচি অনুযায়ী, রাত সাড়ে আটটায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে ভোর ছয়টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি ট্রেনটি সকাল নয়টায় কক্সবাজার ছেড়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছাবে।
ট্রেনটিতে সাত শ’ করে প্রায় দেড় হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটটি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ, ব্যস্ত ও লাভজনক রুট। ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরুর পর থেকেই এই পথে ব্যাপক যাত্রী চাহিদা তৈরি হয়েছে।
গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনকালে তিনি যাত্রী চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এ জন্য রেলওয়ের পক্ষ থেকে সম্ভাব্য প্রস্তুতির কথাও জানানো হয়েছিল।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস বলেন, কক্সবাজার একটি পর্যটন নগরী। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সেখানে যাতায়াত করেন। এর পাশাপাশি সাধারণ যাত্রীও রয়েছেন। আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষ ট্রেনকে বেছে নেন। যাত্রীদের এই চাহিদা পূরণে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ট্রেন চালু করা হচ্ছে।