ঢাকা-চট্টগ্রাম ছাড়িয়ে কক্সবাজারে যাবে ‘মহানগর এক্সপ্রেস’
তৌফিকুল ইসলাম বাবর, চট্টগ্রাম
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৮
ঢাকা থেকে কক্সবাজারে যাবে আরও একটি আন্তঃনগর ট্রেন। এখন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচলকারী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি যাবে কক্সবাজার পর্যন্ত। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি চলাচল শুরু করতে পারে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। পর্যটকসহ সাধারণ যাত্রীদের জন্য এটি বড় সুখবর বটে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া বিরতিহীন আন্তঃনগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আরও দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেনটি চালু হলে ঢাকা থেকে কক্সবাজারে চলাচলকারী ট্রেনে সংখ্যা হবে তিন জোড়া, অর্থাৎ ছয়টি। চট্টগ্রামের দুটি যোগ করলে হবে পাঁচ জোড়া।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) শফিকুর রহমান ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অক্টোবরের প্রথমদিকে এই ট্রেনটি চলাচল শুরু করতে পারে।
মহানগর এক্সপ্রেস দিনে একবার ঢাকা থেকে কক্সবাজারে যাবে এবং কক্সবাজার থেকে একবার ঢাকায় ফিরবে। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার পর্যন্ত মহানগর এক্সপ্রেস ট্রেন চালু হলে সময়সূচিতেও পরিবর্তন আসবে। ৭২১ ও ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস শিডিউল অনুযায়ী, রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এবং ভোর ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। সাড়ে সাত শ’ করে প্রায় দেড় হাজার যাত্রী চলাচল করতে পারবে।
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটটি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যস্ত এবং লাভজনক রুট। ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকেই এই রুটে ব্যাপক যাত্রী চাহিদা তৈরি হয়েছে।
গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনকালে তিনি যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা কথা জানিয়েছিলেন। এ জন্য রেলওয়ে সম্ভাব্য প্রস্তুতির কথাও বলেছিলেন তিনি।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস বলেন, কক্সবাজার হচ্ছে পর্যটন নগরী। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কক্সবাজারে যাতায়াত করেন। এছাড়া সাধারণ যাত্রী তো রয়েছেই। আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষ ট্রেনকে বেছে নেন। মানুষের এমন চাহিদা পূরণে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ট্রেন চালু করা হচ্ছে।
- বিষয় :
- চট্টগ্রাম