ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

স্পেনের নতুন স্কোয়াডে নেই বিশ্বকাপজয়ী চার তারকা

স্পেনের নতুন স্কোয়াডে নেই বিশ্বকাপজয়ী চার তারকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩১

বিশ্বকাপ জয়ের দুই মাস পর আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরছে স্পেন। আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ খেলোয়াড়কে ধরে রাখলেও এবার সেই স্কোয়াডের চারজন নেই।

আন্তর্জাতিক বিরতিতে স্পেনের ব্যস্ত সূচি রয়েছে। আগামী সপ্তাহে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়া এবং ৩ অক্টোবর ওভিয়েদোতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ দিয়ে এই পর্ব শেষ করবে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপজয়ী দলের কাঠামো অক্ষুণ্ন রেখেই দল সাজিয়েছেন দে লা ফুয়েন্তে। তবে চোট ও খেলোয়াড়দের পরিবর্তিত পরিস্থিতিতে এসেছে কয়েকটি পরিবর্তন। রেসিংয়ের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পাওয়ায় বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া নেই। তাঁর জায়গায় দলে ফিরেছেন ইন্টার মিলানের হোসেপ মার্টিনেজ। ২০২১ সালের জুনের পর আবার জাতীয় দলের ডাক পেলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল থেকে মার্কোস লরেন্তের অবসরের পর রাইটব্যাক পজিশনে সুযোগ পেয়েছেন এরিক গার্সিয়া। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ওই পজিশনে নিয়মিত খেলছেন তিনি। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেনও ফিরেছেন দলে।

চোটের কারণে নেই বার্সেলোনার মিডফিল্ডার গাভি। এলচের বিপক্ষে ম্যাচে হাঁটুতে নতুন করে চোট পান তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে থাকলেও পরে চোটের কারণে দল থেকে ছিটকে যান এই মিডফিল্ডার।

এদিকে বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে পড়া ফারমিন লোপেজ আবারও দে লা ফুয়েন্তের পরিকল্পনায় ফিরেছেন। অন্যদিকে বোরহা ইগলেসিয়াসকে বাদ দিয়ে এস্পানিওলের রবার্তো ফার্নান্দেজকে দলে নেওয়া হয়েছে।

স্পেনের স্কোয়াড: 
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, হোসেপ মার্টিনেজ
ডিফেন্ডার: পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাউ কুবেরসি, লাপোর্তে, ভিভিয়ান, ডিন হুইসেন, কুকুরেয়া, গ্রিমাল্ডো
মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্ডি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বেনা, ফারমিন লোপেজ
ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস, ইয়েমেরি পিনো, ওয়ারজাবাল, ফেরান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিন ইয়ামাল, ভিক্টর মুনোজ।

আরও পড়ুন

×