টেলিগ্রাম অ্যাপে চাকরির নামে ফাঁদ, কোটি টাকা হাতিয়ে গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫২
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে চাকরি দেওয়া ও বিনিয়োগের নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন– জুলহাস উদ্দিন ও প্রহর। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদরে এ অভিযান চালানো হয়।
এ-সংক্রান্ত মামলার এজাহারের বরাত দিয়ে সিআইডি জানায়, মেহেদি হক নিয়ন নামে এক ব্যক্তিকে গত বছরের ২৪ আগস্ট টেলিগ্রাম অ্যাপের একটি আইডির মাধ্যমে চাকরির প্রস্তাব দেওয়া হয়। তিনি ‘জেলস জুয়েলারি’ নামে কথিত প্রতিষ্ঠানটির ওয়েবসাইট দেখে চাকরি করতে আগ্রহী হন। তখন প্রতারক চক্র একটি ফিশিং লিংকের মাধ্যমে তাঁকে ভুয়া ওয়েবসাইটটিতে যুক্ত করে। প্রথমে তাঁকে অনলাইনে অর্ডার দেওয়ার মাধ্যমে কমিশন পাওয়ার সুযোগ দেওয়া হয়। পরে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে তাঁকে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।
এক পর্যায়ে প্রতারক চক্র তাঁকে বিভিন্ন রাউন্ডে ৯০টি অর্ডার দেওয়ার কথা বলে। অর্ডার দেওয়ার সময় নিয়নের অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের মুনাফা দেখানো হয়। সেই মুনাফা তুলতে গেলে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা জমা দিতে বলে প্রতারক চক্র। তাদের কথায় বিশ্বাস করে তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে কয়েক দফায় টাকা পাঠান। এভাবে চক্রটি মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী পল্টন থানায় মামলা করেন।
সিআইডি জানায়, তদন্তের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণায় জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও দুই সদস্যকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।