ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘পরীক্ষা দিলে রেজাল্ট ভালো হবে না তাই, তোমাদের কষ্ট দিয়ে চলে গেলাম’

‘পরীক্ষা দিলে রেজাল্ট ভালো হবে না তাই, তোমাদের কষ্ট দিয়ে চলে গেলাম’
×

শিক্ষার্থীর সুইসাইড নোট। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪৫

লেখাপড়ার চাপ সইতে না পেরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মা বাবার উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে শরিফা ইসলাম (২০) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। আজ শনিবার কোটালীপাড়া উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শরিফা ইসলাম উনিশিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

শরিফা ইসলাম মেধাবী ছাত্রী ছিল বলে জানিয়েছেন তার বোন মাহমুদা খানম। এসএসসি ও এইচএসসিতে শরিফার ভালো রেজাল্ট ছিল। তিনি বলেন, চলতি মাসের ২৮ তারিখ শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষায় তার প্রস্তুতি ভালো না থাকায় সে আত্মহত্যা করতে পারে বলে আমরা ধারণা করছি।  

এদিকে আত্মহত্যার পর শরিফার পড়ার টেবিলে মা-বাবার উদ্দেশ্যে লেখা সুইসাইড নোট পাওয়া গেছে।
সেখানে মা-বাবার উদ্দেশ্যে শরিফা ইসলাম লিখেছেন, ‘২৮ তারিখ আমার পরীক্ষা, আজ ১৮ তারিখ চলছে, এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। পরীক্ষা দিলে আমার রেজাল্ট ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হলে তোমরা ও সার ম্যামদের সামনে কীভাবে গিয়ে দাঁড়াবো। তাই, আমি তোমাদের কষ্ট দিয়ে চলে গেলাম, আমাকে মাফ করে দিও।’ 

শরিফা ইসলামের আত্মহত্যার বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আজ সকালে বাড়ির পেছনের কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শরিফাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় একটি ইউডির মামলা হয়েছে। শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে মর্গ প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

×