কমলগঞ্জে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৩
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমালি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন— হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) ও সিএনজি চালক শুভ চন্দ্র। তাঁদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত