নাটোরে পুকুর থেকে সাবেক আনসার সদস্যের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪২
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার-ভিডিপির সাবেক সদস্য শাহজাহান আলী (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাহান আলী চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে।
শাহজাহান আলীর ছেলে আসিফ আলী জানান, গত বৃহস্পতিবার কোয়ালিপাড়া এলাকায় খালেকের পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট দেওয়া হয়। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠছিল। শুক্রবার রাতে ওই পুকুরপাড় দিয়ে বাড়ি ফেরার সময় বাবা মরা মাছ দেখতে পান। মাছ তুলতে গিয়ে তিনি পুকুরের পানিতে পড়ে যেতে পারেন। সকালে চাচাদের সঙ্গে নিয়ে পুকুর থেকে বাবার মরদেহ উদ্ধার করি।
আসিফ আরও জানান, চাকরিজীবনে বাবার সঙ্গে কারও শত্রুতা ছিল না। কারও সঙ্গে লেনদেন নিয়েও কোনো বিরোধ ছিল না।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
নাটোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট খোন্দকার মাহফুজ বলেন, শাহজাহান আলী একসময় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। বয়সের কারণে কয়েক বছর আগে তিনি চাকরি ছেড়ে দেন। বিষয়টি খোঁজখবর নিতে উপজেলা কর্মকর্তাদের বলা হয়েছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- নাটোর