আড্ডা থেকে ৪৪৫ কিশোর আটক, ২৯৩ জনকে মুচলেকায় ছাড়ল পুলিশ
চট্টগ্রামে আড্ডাস্থল থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করা হচ্ছে। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৮
কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলার ১৭ থানায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় একযোগে এ অভিযান চালানো হয়। এতে কিশোরসহ মোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য জানান।
পুলিশ জানায়, অভিযানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে থানায় নেওয়া হয়। জেলার ১৭ থানার বিভিন্ন এলাকা থেকে মোট ৩৫৪ কিশোরকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই শেষে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর বাইরে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
অভিযানের পর আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তান কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না— এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে বলা হয়। পাশাপাশি পড়ালেখা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজর রাখার এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং অপরাধপ্রবণতা থেকে কিশোরদের দূরে রাখতেই এ অভিযান চালানো হয়েছে। আড্ডার নামে কেউ অপরাধে জড়িয়ে পড়ছে কি না, তা শনাক্ত করতে বিভিন্ন এলাকায় নজরদারি অব্যাহত থাকবে।
- বিষয় :
- কিশোর গ্যাং
- অভিযান
- আটক
- চট্টগ্রাম