ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জরাজীর্ণ জিয়া হলের জায়গায় হবে বহুতল কমপ্লেক্স

জরাজীর্ণ জিয়া হলের জায়গায়  হবে বহুতল কমপ্লেক্স
×
×

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের স্থানে ১১ তলা ভবনের নকশা প্রদর্শন করা হয় সমকাল

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হল বহু বছর ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে আছে। ধসে পড়েছে ছাদসহ ভবনের বিভিন্ন অংশ। জিয়া হলের এ জায়গায় জাইকার অর্থায়নে ১১ তলাবিশিষ্ট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। যাতে থাকবে দেড় হাজার দর্শকের অডিটোরিয়াম, সিনেপ্লেক্স, আর্ট গ্যালারি, জাদুঘরসহ আরও বহু কিছু। গতকাল মঙ্গলবার এ নিয়ে নাগরিক প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠানে সমর্থন পায় এই পরিকল্পনা। সিটি করপোরেশন মিলনায়তনে দুপুর ১২টায় শুরু হয়ে এ মতবিনিময় চলে ২টা পর্যন্ত। 
চাষাঢ়া গোলচত্বরের সঙ্গে আগের শহীদ জিয়া হল একটি দেয়াল দিয়ে পৃথক করা। কিন্তু নতুন পরিকল্পনায় শহীদ জিয়া হল কমপ্লেক্সের সামনের দিকে কোনো দেয়াল থাকবে না। একতলার এক পাশে সবুজ চত্বর। অন্যপাশে নান্দনিক সিঁড়ি উঠে যাবে দ্বিতীয় তলায়। জাইকার পক্ষ থেকে ভবনের ডিজাইন করা জেড এইচ এন আর্কিটেক্টের স্থপতি জাহিদ আই খান জানান, শুধু একতলায় নয়, ভবনের আরও কয়েকটি ফ্লোরে ও ছাদে গাছ, ফুল, পানির ফোয়ারা মিলিয়ে সবুজ চত্বর থাকবে। সূর্যের আলো ও প্রাকৃতিক বাতাস যাতে সব ফ্লোরে ঢুকতে পারে, সে ব্যবস্থা থাকবে। 
ভবনের ১১ তলার মধ্যে দুইতলা থাকবে মাটির নিচে। এখানে ১৬০টির বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। মূল অডিটোরিয়ামটি দেড় হাজার আসনের। তবে এটি ছাড়াও আরেকটি ছোট অডিটোরিয়াম থাকবে ২০০ আসনের। ৫০০ আসনের থিয়েটার হল কাম মিনি অডিটোরিয়াম থাকবে আরও একটি। তিনটি মিটিং রুম থাকবে। এ ছাড়া মহড়া কক্ষ থাকবে তিনটি। থাকবে সিনেপ্লেক্স, জাদুঘর, পাঠাগার, ক্যান্টিন, নামাজ কক্ষ, ভিআইপি রেস্ট রুম ও প্রশাসনিক কক্ষ।

আরও পড়ুন

×