ধামরাইয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:৩৯
| প্রিন্ট সংস্করণ
দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ ও মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরই অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায়ও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গতকাল শুক্রবার বিকেলে ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি বনাম ধামরাইয়ের সোনালী অতীত।
এই ম্যাচ ঘিরে মাঠে ছিল ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার এ ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। তাতে জয়ের দেখা পায় ধামরাইয়ের সোনালী অতীত। জমজমাট এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় প্রায় এক মাস আগে।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।
- বিষয় :
- প্রতিমন্ত্রী