আটক ২৭ কিশোরের ঠাঁই হলো গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১২:৫৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১৩:৩১
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭ কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা শহরসহ বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাদের আটক করা হয়। সর্বশেষ রোববার সকালে দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। শুক্রবার গভীর রাত পর্যন্ত পাঁচ দিনের পৃথক অভিযানে দুই সহস্রাধিক কিশোর গ্যাং সদস্যসহ মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। তাদের মধ্যে ৮৩৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে এক হাজার ২০৯ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তাদের অধিকাংশই শিক্ষার্থী।
এদিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, চলমান অভিযানে কারাগারে বন্দীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। দেড় হাজার বন্দীর ধারণক্ষমতার কারাগারটিতে রোববার সকালে বন্দীর সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৫০০ জনে। এতে প্রচণ্ড গরমে গাদাগাদি করে বন্দীদের থাকতে হচ্ছে।
সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, কষ্ট করে হলেও পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। কারাগারে চারটি নতুন বহুতল ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ভবনগুলো চালু হলে বন্দীদের থাকার সমস্যা থাকবে না।
তিনি আরও বলেন, চলমান অভিযানে কারাগারে ৫০ জন কিশোর আসে। তাদের মধ্যে যাদের সহসাই জামিন পাওয়ার সম্ভাবনা নেই, আদালতের নির্দেশে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ২৭ কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্য কিশোরেরা জামিনে মুক্তি পেয়েছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুই কিশোরকে গত ২১ সেপ্টেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।