ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী প্রতিবাদ

‘মশা বড় নাকি মেয়র বড়’

‘মশা বড় নাকি মেয়র বড়’
×
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:০৭

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি, হুহু করে বাড়ছে আক্রান্তের হারও। এতে উদ্বিগ্ন সবাই। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কয়েকজন নারী। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

এসময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন আয়োজকরা। সড়কের উপরেই মশারি টাঙিয়ে সেখানে ঢুকে ‘মশা বড় নাকি মেয়র বড়’, ‘ওষুধেও মশা মরছে না কেন’- এমন নানা প্রশ্ন তুলে ব্যঙ্গাত্মক স্লোগান দেন নারীরা। 

মেয়র শাহাদাত হোসেনকে উদ্দেশ করে তারা বলেন, ‘মেয়র শাহাদাত নিজেই বড় মশা’। পাশাপাশি মশক নিধনে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ তুলে তারা বলেন, ‘ওষুধ কার্যকর না হওয়ায় মশা মরছে না। তাই, ওষুধের যাবতীয় বিষয় যাচাই-বাছাই করা উচিত। জবাবদিহিতার আওতায় আনা উচিত সিটি করপোরেশনকে।’

এমন উদ্যোগের আয়োজক হাশমিরা হায়দার চৌধুরী বলেন, ‘মেয়রের কাছে কী মনে হয়- উনার ক্ষমতা বেশি নাকি মশার ক্ষমতা বেশি? বর্তমানে আমাদের মনে হচ্ছে মশার ক্ষমতাটাই বেশি। তাই, আমরা মশারির ভেতর থেকে কথা বলছি। মেয়রের চেয়ে মশা বেশি শক্তিশালী হওয়ায় প্রতিদিন নতুন করে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এরইমধ্যে অনেকের প্রাণও চলে গেছে। ডেঙ্গুতে কত কত শিশুর প্রাণ যাচ্ছে, অথচ তাতে মেয়রের কোনো পরিকল্পনা নেই। মশা মরলে তো এত প্রাণহানি হতো না। ওষুধ ছেটানোর পরও কেন মশা মরছে না?’ 

নারীরা বলেন, প্রতিদিন কত কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অথচ দায়িত্বশীলরা ঢাকঢোল বাজিয়ে কেবল ক্র্যাশ প্রোগ্রামই করছে বেশি। অনেকেই আবার এসি রুমে বসে মতবিনিময় সভা, বৈঠক করছে। কিন্তু এসবে তো মশা মরছে না। এত প্রাণহানি ও এত আক্রান্তের দায়ভার এড়াতে পারে না চট্টগ্রাম সিটি করপোরেশন ও দায়িত্বশীলরা। শুধু প্রচার-প্রচারণা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন কার্যকর পরিকল্পনা, মানসম্মত ওষুধের ব্যবহার এবং নিয়মিত তদারকি। পাশাপাশি মশক নিধন কার্যক্রমের কার্যকারিতা এবং ব্যবহৃত ওষুধের মান নিয়েও স্বচ্ছতা নিশ্চিত করা এখন জরুরি।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, চট্টগ্রামে এ পর্যন্ত ৫ হাজার ৪৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ২৪ জনের। সর্বশেষ আজ রোববার একদিনেই নতুন করে আক্রান্ত হয়ে ৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।

আরও পড়ুন

×