সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
ছবি- সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০২:২০
ফরিদপুরের সালথায় তিন মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি দোকান ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন শিক্ষার্থী রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেন। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রামকান্তপুর গ্রামের তিন যুবক তাদের উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে বিভাগদী গ্রামের কয়েকজন যুবক ওই তিন যুবকের পথরোধ করে মারধর করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।