ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পুরনো হারমোনিয়ামে লুকানো ছিল ২ বিদেশি পিস্তল

পুরনো হারমোনিয়ামে লুকানো ছিল ২ বিদেশি পিস্তল
×

ময়মনসিংহ এসআরবি-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মাসুদ রানা। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২২:৩৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ২৩:০৬

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে বাসের ভেতর থেকে। তার দেওয়া তথ্যে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ময়মনসিংহ এসআরবি-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক মাসুদ রানা। গ্রেপ্তার তিনজন হলেন- পাবনা জেলার মো. বারেক ব্যাপারী (৪৯) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার সহোদর দুই ভাই মো. সুজন হোসেন বেপারী (৩২) ও মনির হোসেন বেপারী (৪৫)।

যেভাবে ধরা পড়ে অস্ত্র বহনকারী

এসআরবি-১৪ ময়মনসিংহের অধিনায়ক মাসুদ রানা জানান, বুধবার (১৪ অক্টোবর) রাত সোয়া দুইটার দিকে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে একটি বিশেষ তল্লাশি চৌকি বসায় র‌্যাব। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রিয়াজ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা যাত্রী মো. বারেক ব্যাপারীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তার হেফাজতে থাকা ব্যক্তিগত মালামাল ও কাঠের তৈরি একটি পুরোনো ভাঙা হারমোনিয়াম তল্লাশি করা হয়।

অধিনায়ক মাসুদ রানা জানান, জিজ্ঞাসাবাদে বারেক স্বীকার করেন যে হারমোনিয়ামের ভেতরে অবৈধ আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। পরে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির এই চালানটি তিনি কুষ্টিয়া থেকে কিনে মুন্সীগঞ্জের সুজন ব্যাপারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন।

বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে এসআরবি-১১-এর একটি দল মুন্সীগঞ্জ সদর থানার শিরোলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। অভিযানে সুজন ও তার বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বাসা তল্লাশি করে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। 

সব মিলিয়ে এই অভিযানে তিন আসামির কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করেছে র‍্যাব। এসআরবি-১৪ ময়মনসিংহের অধিনায়ক মাসুদ রানা জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় এবং মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

×