রাজধানীর চার থানায় ব্লক রেইডে মাদকসহ আটক ৪৪১, ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২২:৪৭
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া থানা এলাকায় ব্লক রেইড চালিয়ে ৪৪১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার রাত ১০টার পর শুরু হওয়া এই অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, বিদেশি মদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদক কারবার, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিটসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন।
বুধবার ডিএমপির মিডিয়া বিভাগ ও পুলিশের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাত ১০টার পর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া এলাকায় বিশেষ ব্লক রেইড শুরু হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট থানা-পুলিশের পাশাপাশি ডিবি, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডের সদস্যরা অংশ নেন। কয়েক ঘণ্টা ধরে একযোগে এই অভিযান চলে। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত, তল্লাশি এবং অপরাধে জড়িত অভিযোগে ৪৪১ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে ২৪৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৭৩ জন, আদাবর থানা এলাকা থেকে ৫৫ জন, পল্লবী থানা এলাকা থেকে ৭৯ জন এবং গেন্ডারিয়া থানা এলাকা থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় আটটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানা যায়।
এদিকে ডিএমপি বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকসহ মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ এবং এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।