পুঁথিপাঠের আসরে লোকঐতিহ্য তুলে ধরল শব্দকল্পদ্রুম
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২১:০৬
বাংলার পুঁথিসাহিত্য ও লোকজ পরিবেশনার ঐতিহ্য তুলে ধরতে রাজধানীতে ‘পুঁথিপাঠের আসর’ আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শব্দকল্পদ্রুম। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ আয়োজন করা হয়। বাগেরহাট থিয়েটারের ৪৯ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক নাজমুল আহসান।
আসরে মৈমনসিংহ-গীতিকার নির্বাচিত অংশের পাশাপাশি পাঠ করা হয় মার্কসুল ইসলামের ‘একুশ ও স্বাধীনতার পুঁথি’, কবি কালের লিখনের ‘মাতৃভাষার পুঁথি’, ফয়জুল আলম পাপ্পুর ‘মুক্তিযুদ্ধের পুঁথি’ এবং তামান্না সারোয়ারের ‘নীপার ষড়যন্ত্রের পুঁথি’। এ ছাড়া কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘রাস্তায় কবিতা’ সুর ও ছন্দে পরিবেশন করা হয়।
শব্দকল্পদ্রুমের শিল্পীদের পরিবেশনায় পুঁথিপাঠে অংশ নেন ফাওজিয়া আনজুম ইলনা, কাজী আরিশা আফসান, অনীশ চালি অভীর, ওয়াজিহা আনজুম লিয়ানা, আদিবা হোসেন, আয়াত হাসান মেহর, মেহরিমা নওশী, নুওয়াইরাহ রশিদ খাঁদি, কৃতিকা জোয়াদ্দার ও ঐন্দ্রিলা মণ্ডলসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনার পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন নাজমুল আহসান।
আয়োজকেরা জানান, পুঁথিপাঠ বাংলার লোকজ সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী পরিবেশনা। একসময় গ্রামবাংলায় হাতে লেখা পুঁথি নির্দিষ্ট সুর, তাল ও ছন্দে পাঠ করা হতো। এসব পরিবেশনার মাধ্যমে ধর্মীয় আখ্যান, ঐতিহাসিক ঘটনা ও বিভিন্ন কাহিনি মানুষের কাছে পৌঁছাত।
বাংলা পুঁথিসাহিত্যের উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে ফকির গরীবুল্লাহর ‘আমির হামজা’। এ ধারার পুঁথিতে আরবি-ফারসি কাহিনির পাশাপাশি বাংলা ভাষা ও লোকজ বর্ণনাশৈলীর ব্যবহার দেখা যায়। কারবালার ঘটনা, ইউসুফ-জুলেখার কাহিনি ও হাতেমতাইয়ের আখ্যানও পুঁথিসাহিত্যের পরিচিত বিষয়।
প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রহ ও সংরক্ষণে আবদুল করিম সাহিত্যবিশারদসহ বিভিন্ন সংগ্রাহক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এসব পুঁথি থেকে অতীতের ভাষা, সাহিত্য, বিশ্বাস ও সামাজিক জীবনের নানা তথ্য জানা যায়।
আয়োজক নাজমুল আহসান বলেন, আধুনিক সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বাংলার লোকঐতিহ্য সংরক্ষণ করা জরুরি। পুঁথিপাঠের চর্চা অব্যাহত রাখতে পুরোনো পুঁথি সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এ ধারার পরিচিতি বাড়ানো প্রয়োজন।
আয়োজকদের মতে, পুঁথিপাঠের মতো ঐতিহ্যবাহী পরিবেশনা নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলার লোকজ সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করা সম্ভব।
- বিষয় :
- লোকঐতিহ্য