মায়ের প্রেমান্ন বঞ্চিতের মুখে
কমলগঞ্জের লক্ষ্মীপুর সার্বজনীন পূজামণ্ডপে বঞ্চিতদের মাঝে উপহার বিতরণ সমকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, তা যেন সার্বজনীন সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য মেলবন্ধন। সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর সার্বজনীন পূজামণ্ডপ গ্রহণ করেছে এক মানবিক উদ্যোগ। উৎসবের আনন্দকে সবার মধ্যে ভাগ করে নিতে সুবিধাবঞ্চিত
দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র।
গতকাল সোমবার বিকেল ৩টায় পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। পূজামণ্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবের রঙিন আলোয় যখন সবাই মাতোয়ারা, তখন সমাজের অবহেলিত মানুষগুলোর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার এই মুহূর্তটি ছিল আনন্দের। সুবিধাবঞ্চিত মানুষদের চোখেমুখে ফুটে ওঠা স্বস্তি ও আনন্দের হাসি যেন মণ্ডপের আলোকসজ্জাকেও হার মানায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নম্বর পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী স্কুলশিক্ষিকা বিন্দু তালুকদার এবং কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লক্ষ্মীপুর সার্বজনীন পূজামণ্ডপের উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, উৎসবের প্রকৃত সার্থকতা তখনই, যখন সমাজের শেষ মানুষটির মুখেও হাসি ফোটে। মানবিকতার এই বন্ধনই সমাজের আসল শক্তি।
- বিষয় :
- উৎসব মণ্ডল