র্যাগিং-নির্যাতন: পবিপ্রবির ১১ শিক্ষার্থীকে শাস্তি
ফাইল ছবি
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ২২:৫৪
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের এক থেকে চার সেমিস্টার পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভার সিদ্ধান্ত এবং তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তি দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, প্যারিস রোড, এম. কেরামত আলী হল ও হলের বাইরে একাধিকবার র্যাগিংয়ের ঘটনায় কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের এএইচএম সামিউল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
একই ঘটনায় ২০২১-২২ শিক্ষাবর্ষের মোহাম্মদ মুনতাসির মাহমুদকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই সেমিস্টার এবং মো. আহসান হাবীব লিংকন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফিজ নুর রাতুল ও মো. আহনাফ শাহরিয়ারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিব্বিল মিয়া ও নাঈম হোসেন রুম্মান এবং ইএসডিএম অনুষদের ফাইয়াজ মাহমুদ শহীদকে ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। একই ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের মিতুল পালকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে এলএলএ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাঁদের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
- বিষয় :
- পবিপ্রবি
- র্যাগিং
- সাইবার বুলিং