ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

‘টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি’

‘টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি’
×
×

টাঙ্গুয়ার হাওরে ইউএনডিপির উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পের অংশীজন পরামর্শ সভায় বক্তব্য দিচ্ছেন সংস্থাটির বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্না। ছবি-সমকাল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১২:৪৪

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে স্থানীয় জনগণের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্না।

গতকাল বৃহস্পতিবার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার-সংলগ্ন জয়পুর গ্রামে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস) আয়োজিত ‘হাওরের পরিবেশ ব্যবস্থাপনা: টাঙ্গুয়ার হাওরে সম্প্রদায়ভিত্তিক বন পুনরুদ্ধার ও বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের সূচনা ও অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনডিপি-জিইএফ স্মল গ্রান্টস প্রোগ্রামের অপারেশনাল ফেজ-৮-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সোনালী দায়ারত্না বলেন, ‘আমি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি; কিন্তু হাওরের মতো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখিনি। এখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে। কিন্তু স্থানীয় মানুষরা এর থেকে কতটুকু উপকৃত হচ্ছে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্যটনের মাধ্যমে স্থানীয় মানুষের উপকার না হলে এবং পরিবেশ সুরক্ষিত না থাকলে এই পর্যটন শিল্প টিকবে না।’

প্রকল্পটির আওতায় টাঙ্গুয়ার হাওরের জলাভূমি পুনরুদ্ধার, দেশীয় হিজল-করচসহ উপযোগী উদ্ভিদের সংরক্ষণ ও রোপণ, জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। 

সভাপতির বক্তব্যে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বিপর্যয়ের নানা কারণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। প্রকল্পটি যেন প্রকৃত অর্থে হাওরবাসীর কল্যাণে ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশা জানান তিনি। 

সভায় স্থানীয় জনগোষ্ঠী, সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী, তরুণ ও অন্যান্য অংশীজন মতামত তুলে ধরেন। তারা পর্যটনের কারণে টাঙ্গুয়ার হাওরের যে পরিবেশ বিপর্যয় হয়েছে, তা তুলে ধরেন। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তারা ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সরকারের কাছে আবেদন জানান। 
কাসমির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুনুর রশিদ ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ। অংশীজন পরামর্শ সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থার সদস্য নাহিন নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপির কর্মসূচি বিশেষজ্ঞ শাহাদাত হোসেন শাকিল, এসজিপি জাতীয় সমন্বয়কারী ড. মুজাম্মেল হক, মিজ তাহমিনা প্রমুখ।
 

আরও পড়ুন

×