বস্তায় ভরে রাস্তায় ফেলে যাওয়া বনরুই সাফারী পার্কে অবমুক্ত
ছবি: সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ | ০৯:২৩
বুধবার সকালে একটি বনরুই চটের বস্তার ভিতর ভরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার রেঞ্জ অফিসের সামনের রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম ও বিট কর্মকর্তা মঞ্জরুল ইসলাম প্রাণীটি উদ্ধার করেন।
পরে বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বনরুইটি। এরপর বন কর্মকর্তারা দুপুরে সেটি বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করেন।
এলাকাবাসী ও কালিয়াকৈর রেঞ্জের বন কর্মকর্তারা জানান, কয়েক বছর আগে উপজেলার বোয়ালি ইউনিয়নের ডাকুরাই গ্রামের শাহাজাহান মিয়া চট্রগ্রাম থেকে কিছু ফার্নিচার আনার সময় ছোট বনরুইটি ট্রাকে করে চলে আসে। পরে শাহাজাহান মিয়া সেটি পাওয়ার পর নিজের একটি পরিত্যক্ত ঘরে লালন-পালন শুরু করেন। কিন্তু কিছুদিন আগে কে বা কারা বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের হটলাইনে বিষয়টি জানায়। এরপর কয়েকদিন ধরে কন্ট্রোল ইউনিটের সদস্যরা ওই গ্রামের যান। এর মধ্যে বনরুইটি বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য শাহাজাহান মিয়াকে চাপ প্রয়োগ করতে থাকেন তারা। কিন্তু ওই বাড়ির লোকজন গোপনে বনরুইটি সরিয়ে রাখেন। এভাবে কয়েকদিন রাখার পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনরুইটি কালিয়াকৈর রেঞ্জ (চন্দ্রা এলাকার) অফিসের সামনে চটের বস্তায় ফেলে রেখে যায় কেউ। খবর পেয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম বন্যপ্রাণীটি সংরক্ষণে রেখে বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের সদস্যদের খবর দেন। দুপুরে কন্ট্রোল ইউনিটের সাদেকুল ইসলামের নেতৃত্বে একদল বনকর্মী বনরুইটি নিয়ে বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করেন।
চন্দ্রা বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, 'আমরা বনরুইটির খবর পেয়ে একাধিকবার ওই এলাকায় গিয়ে খোঁজাখুঁজি করেছি। কিন্তু যার কাছে বনরুইটি ছিল তিনি প্রথমে সেটা বন কর্তৃপক্ষের কাছে দিতে চাইছিলেন না। এরপর কে বা কারা বুধবার ভোরে আমাদের রেঞ্জ অফিসের সামনে বস্তায় ভরে বনরুইটি ফেলে রেখে যায়।'
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বনরুইটি বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তারা দুপুরে সেটি বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করেন।
- বিষয় :
- বনরুই
- বনরুই অবমুক্ত
- ঢাকা
- গাজীপুর
