ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এক শিশু হত্যায় আরেক শিশুর ৫ বছরের জেল

এক শিশু হত্যায় আরেক শিশুর ৫ বছরের জেল
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০৭:১৪

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদ্রাসাছাত্রী শিশু হিরা আক্তার হত্যা মামলায় আরেক শিশু হাসান রসিদ মৃধাকে (১৩) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ আদেশ দেন। এ মামলায় গ্রেপ্তার অন্য দুই আসামি হাসান রসিদের দাদা বৃদ্ধ মোক্তার মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বেগমের বিচার অন্য আদালতে চলমান।

হাসান রসিদ মৃধা মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন মৃধার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২ জুলাই বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামে নিজ ঘরে গাউস শেখ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে হিরা আক্তারকে হত্যা করে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে আসামিরা। পরদিন নিহত শিশুর মা নাসিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ১৪ জুলাই হাসান রসিদ, মোক্তার মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছর ১৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মণ্ডল আদালতে চার্জশিট দাখিল করেন।

শিশু হাসান রসিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় তার বিচারের জন্য মামলাটি ২৫ নভেম্বর নারী ও শিশু আদালতে পাঠানো হয়। নারী ও শিশু আদালত গত ১৫ মার্চ অভিযোগটি আমলে নিয়ে ১৪ সেপ্টেম্বর চার্জ গঠন করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য, ভিকটিমকে পরীক্ষাকারী চিকিৎসক ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত হাসান রসিদের পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন শেখ বাহাদুর ইসলাম ও রাষ্ট্রপক্ষে এপিপি রণজিৎ কুমার মণ্ডল।

আরও পড়ুন

×