ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

‘বিএনপি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়’

‘বিএনপি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়’
×

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী -সমকাল

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৫:০৮

‘বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করে। তারা বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। এখন তারা বিপদগ্রস্থ রাজনীতির পথ ধরেছে। তারা কখনো পেঁয়াজ নিয়ে রাজনীতি করে, কখনো লবণ নিয়ে, কখনো পরিবহন নিয়ে। এমন একটি গতিহারা দলকে নিয়ে কথা বলার কিছু নেই।’

শুক্রবার সকালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর পরিদর্শনকালে রমনা নৌঘাট এলাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এখানে এসেছি চিলমারী নদী বন্দরের বাস্তব রুপ দেয়ার জন্য। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে একনেকে ৩’শ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন হয়ে গেলে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, এখানে যাত্রী পরিবহনের জন্য একটি ও পণ্য পরিবহনের জন্য আলাদা একটি পোর্ট হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন, এখানে কাস্টমসের সুবিধাগুলো তৈরি করার জন্য। ভারতে সঙ্গে আমাদের নৌ প্রোটোকল আছে, ভুটানের সঙ্গেও নৌ প্রোটোকল করতে যাচ্ছি। এই রুটটি হবে একটি আর্ন্তজাতিক নৌরুট। এ রুটটি চালু হয়ে গেলে এ এলাকার অর্থনীতিতে বিরাট গতি সঞ্চারিত হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, নৌ-নিরাপত্তা যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম, ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক সাইদুল ইসলাম, প্রকল্প পরিচালক নিজাম উদ্দিন পাঠান, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×