ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বিদেশিদের খুশি রাখতে সুন্দরবন ধ্বংস করবেন না: আনু মুহাম্মদ

বিদেশিদের খুশি রাখতে সুন্দরবন ধ্বংস করবেন না: আনু মুহাম্মদ
×

অধ্যাপক আনু মুহাম্মদ

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৯:২২ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০৯:৩২

তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশি-বিদেশি গোষ্ঠীকে খুশি করা আর ক্ষমতায় থাকার জন্য সুন্দরবন ধ্বংস করবেন না।

শুক্রবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংগঠনটির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ আহ্বান জানান। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় কনভেনশনকে সামনে রেখে এই বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি আনু মুহাম্মদ বলেন, 'সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্যের অংশ। সিডর, বুলবুলের মতো প্রবল ঘূর্ণিঝড়গুলো প্রমাণ করেছে আমাদের জন্য সুন্দরবন কতটা উপকারী। তারপরও একটি পক্ষ মানুষের কথা না ভেবে সুন্দরবনের আশপাশে বিদ্যুৎ প্রকল্পসহ বড় বড় শিল্পকারখানা গড়ে তুলছে। এতে সুন্দরবনের অস্তিত্ব হুমকিতে পড়ছে।'

রামপাল বিদুৎকেন্দ্র ও রূপপুরে পরিবেশবিরোধী প্রকল্প বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় কমিটি আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় কনভেনশন থেকে এসব ক্ষতিকর প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা আহ্বায়ক এসএ রশিদ। সভা পরিচালনা করেন খুলনা জেলা সদস্য জনার্দন দত্ত।

সভায় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রণজিৎ চট্টপাধ্যায়, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা আহ্বায়ক শাহনওয়াজ আলী, খুলনার নাগরিক নেতা কুদরত-ই-খুদা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক ইকবাল কবির প্রমুখ।

সভায় বিভাগের ১০ জেলার ও বিভিন্ন উপজেলার সংগঠনটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×